ওঙ্কার ডেস্ক: বহু ঝামেলার পর অবশেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্রের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন তাঁদের দাবি সরকারের সামনে তুলে ধরবেন এবং আলোচনার মাধ্যমে সুরাহা করার চেষ্টা করবেন। সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোশ রাঙ্কা জানান তারা কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা কে লিখিত ভাবে তাঁদের দাবি জানান এবং এই বিষয়ে আলোচনা করা হবে বলে আশ্বাসও দেওয়া হয় বলে জানান তাঁরা।
জানা গেছে বৈঠকে আরশোলা পার্টির সংগঠনের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন দাবি বিস্তারিতভাবে নাড্ডার সামনে তুলে ধরেন। আন্দোলনের উদ্দেশ্য, দাবি-দাওয়ার যৌক্তিকতা এবং আন্দোলনকারীদের উদ্বেগের বিষয়গুলি নিয়ে তাঁরা নিজেদের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরেন। তাঁদের দাবি, সোনাম ওয়াংচুককে অতিসত্বর মুক্তি দেতে হবে, নিট জালিয়াতির জেরে নিহত ছাত্র-ছাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এই সমস্ত ক ইছু লিখিতভাবে জমা দেওয়া হয়েছে। সংগঠনের তরফে দাবি করা হয়, তাঁদের মূল উদ্দেশ্য কোনও রাজনৈতিক সংঘাত তৈরি করা নয়, বরং দীর্ঘদিনের দাবি ও সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা। সেই কারণেই কেন্দ্রের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার পক্ষে তাঁরা মত প্রকাশ করেন।
বৈঠকে জে পি নাড্ডা আন্দোলনকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন বলে জানা গিয়েছে। পাশাপাশি তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার ওপর জোর দেন। আন্দোলন প্রত্যাহারের আবেদনও জানান তিনি। যদিও বৈঠকের শেষে কোনও লিখিত আশ্বাস বা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
বৈঠকের পর সংগঠনের মুখপাত্ররা জানান, কেন্দ্রের সঙ্গে তাঁদের আলোচনা ইতিবাচক পরিবেশে হয়েছে। সরকারের তরফে বিষয়টি বিবেচনার আশ্বাস মিললেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সংগঠনের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। ফলে এই বৈঠকের পরেও আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।