নয়াদিল্লি: ইনস্টাগ্রামে প্রথম ভিডিয়ো পোস্ট করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার সকালে পোস্ট করা ওই ভিডিয়োয় নিজের আসন্ন আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর মোড়ক উন্মোচন করতে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী মঞ্জু দুবে এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
৭৯ বছর বয়সি সোনিয়াকে ভিডিয়োয় বইয়ের পাতা উল্টে ছবি দেখাতে দেখা যায়। এক জায়গায় প্রিয়াঙ্কাকে তিনি বলেন, “অনেক ছবি রয়েছে।” পরে মেয়ের সঙ্গে মিষ্টিমুখও করেন। ভিডিয়োটি শেয়ার করে সোনিয়া লেখেন, “কৃতজ্ঞতার সঙ্গে ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রথম ঝলক আপনাদের দেখাচ্ছি। এটা ভালবাসা, কর্তব্য এবং হারানোর গল্প।”
নতুন প্রজন্মের কাছে পৌঁছতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধীর মতো নেতারা ইনস্টাগ্রামে সক্রিয়। এবার সেই তালিকায় যোগ দিলেন সোনিয়াও।
এর আগে আত্মজীবনী প্রকাশের কথা জানিয়ে সোনিয়া লিখেছিলেন, “আমার পরিবার নিয়ে অনেক কিছু লেখা হয়েছে। খুব কম লেখাই আমাদের মানবিক অনুভূতি ও উদ্দেশ্যের কাছাকাছি পৌঁছতে পেরেছে।”
তবে ভারতে এই বই প্রকাশ ঘিরে বিতর্কও তৈরি হয়। মূল প্রকাশক আমেরিকার পেঙ্গুইন র্যান্ডম হাউসের আলফ্রেড এ নফ জানিয়েছিলেন, বইটি ১০ নভেম্বর প্রকাশিত হবে। কিন্তু সেপ্টেম্বরে তাদের ভারতীয় শাখা পেঙ্গুইন ইন্ডিয়া জানায়, তারা ভারতে বইটি ছাপবে না।
এরপর সম্ভাব্য প্রকাশক হিসেবে একাধিক সংস্থার নাম ওঠে। শেষ পর্যন্ত জানা যায়, হারপার কলিন্স ভারতে সোনিয়ার আত্মজীবনী প্রকাশ করছে।
পেঙ্গুইন ইন্ডিয়ার এই সিদ্ধান্তের পর তাদের নিশানা করে কংগ্রেস। দলের উপদলনেতা গৌরব গগৈ বলেন, “আরএসএস-এর উপর লেখা বই ছাপতে আপত্তি নেই পেঙ্গুইন ইন্ডিয়ার, কিন্তু সোনিয়া গান্ধীর আত্মজীবনী ছাপতে পারছে না।” কংগ্রেসের অভিযোগ, সংস্থাটি বিক্রি হয়ে গিয়েছে।