নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজো মিটতেই বঙ্গে মনোরম আবহাওয়া। সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ। তবে এই স্বস্তি সাময়িক। আগামী মঙ্গলবার থেকেই বদলাতে পারে আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে, দ্বাদশীর দিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি কতটা শক্তিশালী হবে বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরের তাপমাত্রা কমেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক। পুরুলিয়ায় পারদ নেমেছে ২০ ডিগ্রির ঘরে, আলিপুরদুয়ারে ১৮ ডিগ্রি।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টি নেই। বৃহস্পতিবার থেকে দ্বাদশী পর্যন্ত উত্তরের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে, কোথাও কোথাও আংশিক মেঘলা। তবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙের মতো পাহাড়ি এলাকায় দ্বাদশী থেকে বৃষ্টি হতে পারে।
আলিপুরের পূর্বাভাস, আগামী সপ্তাহ থেকে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। পুজো শেষে বৃষ্টির আশঙ্কা না থাকলেও সম্ভাব্য নিম্নচাপ ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকায়।