শুক্লা মাইতি
রাজ্য বাজেটে হাজার টাকা বেতন বৃদ্ধিতে আপাতত “খুশির ছবি” ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকে। প্রায় ২০০ জন আশা কর্মী ও ২০০ জন আইসিডিএস কর্মী একত্রে আবির খেললেন, মিষ্টিমুখ করলেন। মুখে হাসি, হাতে রঙ। বাজেটে হাজার টাকা বেতন বৃদ্ধি এবং লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বৃদ্ধিতে তারা যে আনন্দিত, তা স্পষ্ট।
কিন্তু প্রশ্ন উঠছে—এই আনন্দ কি সার্বিক? নাকি এটি শুধুই একটি ব্লকের ছবি, যা দিয়ে গোটা রাজ্যের বাস্তবতা ঢাকার চেষ্টা? কারণ বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।
রাজ্যজুড়ে হাজার হাজার আশা কর্মী দীর্ঘদিন ধরে আন্দোলনে শামিল। তাঁদের প্রধান দাবি—
• ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন
• ৮ ঘণ্টার নির্দিষ্ট ডিউটি
• স্থায়ী কর্মীর স্বীকৃতি
• স্বাস্থ্যঝুঁকির জন্য উপযুক্ত ভাতা
ইত্যাদি সহ মোট ৮ দফা দাবি নিয়ে ৭০,০০০ আশা কর্মির জমায়েত করে তাঁরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক পর্যন্ত দিয়েছিলেন। তাদের সেই অভিযান সফল হয়নি। এখনও অধিকাংশ দাবিই ঝুলে রয়েছে।
এই অবস্থায় বাজেটে মাত্র ১০০০ টাকা বেতন বৃদ্ধি কি তাঁদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত করতে পারল? নাকি ভোটের আগে এক টুকরো ‘মিষ্টি লজেন্স’ দিয়ে গোটা আন্দোলনের তেতো স্বাদ ঢাকতে চাইল সরকার?
বজবজের আশা কর্মীরা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা আসন্ন ভোটে জয়ী করবেন। কিন্তু একইসঙ্গে রাজ্যের বহু জায়গা থেকে এখনও ভেসে আসছে অসন্তোষের আওয়াজ। অনেক আশা কর্মী স্পষ্ট বলছেন “আমাদের ৮ দফা দাবি মানা হয়নি। শান্তিপুর্ন স্বাস্থ্য ভবন অভিযানও মাঝ পথে আটকে দিয়ে, আমাদের দাবি দাওয়া শোনা পর্যন্ত হয়নি। শুধু হাজার টাকা বাড়িয়ে সমস্যার সমাধান হয় না।”
প্রশ্ন উঠছে, এই খুশির ছবি কি বাস্তব সমস্যার সমাধান? নাকি এটি শুধুই ভোটমুখী বার্তা দেওয়ার একটি কৌশল?
রাজ্যের আশা কর্মীরা করোনা পর্ব থেকে শুরু করে আজও গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবার মূল ভরসা। অথচ তাঁদেরই জীবনযাপন অনিশ্চিত। হাজার টাকা বৃদ্ধি তাঁদের মাসিক খরচের ভার লাঘব করতে পারবে কি? নাকি আবারও তাঁদের আন্দোলনের আগুন ধীরে ধীরে জ্বলে উঠবে?
বজবজের এক ব্লকের রঙিন ছবির আড়ালে লুকিয়ে আছে রাজ্যজুড়ে হাজার হাজার আশা কর্মীর দীর্ঘশ্বাস।আজ আবির খেলছে একটি অংশ, কিন্তু বাকি অংশ এখনও তাকিয়ে দাবি পুরনের দিকে।
সরকার কবে সত্যিই তাঁদের সমস্যার স্থায়ী সমাধান করবে? এখন দেখার আশা কর্মীদের এই সাময়িক হাসি কি দীর্ঘস্থায়ী হবে, নাকি ভোটের আগে সরকার আবারও আশার নামে শুধু প্রতিশ্রুতির রঙ মাখাবে?
