ঘাড়ে ব্যথা হলেই আমরা অনেক সময় সেটাকে সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করি। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহার, ভুল ভঙ্গিতে ঘুমানো কিংবা অতিরিক্ত কাজের কারণে ঘাড়ে ব্যথা হতেই পারে। কিন্তু ব্যথার সঙ্গে যদি ঘাড় শক্ত হয়ে যাওয়া, কাঁধ বা হাতে ব্যথা ছড়িয়ে পড়া, ঝিনঝিনি বা অবশভাবের মতো উপসর্গ দেখা দেয়, তখন বিষয়টিকে একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার। স্পন্ডেলাইটিস বা ঘাড়ের মেরুদণ্ডের ক্ষয়জনিত পরিবর্তন এমনই একটি সমস্যা।
বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেরুদণ্ডের হাড় ও ডিস্কে স্বাভাবিক ক্ষয় হতে পারে। এর ফলে ঘাড়ের নড়াচড়ায় অস্বস্তি, ব্যথা এবং কখনও কখনও স্নায়ুর ওপর চাপ তৈরি হতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল—এক্স-রে বা স্ক্যানে স্পন্ডাইলোসিস দেখা গেলেই যে তীব্র ব্যথার কারণ সেটিই, এমনটা সবসময় নয়। উপসর্গ এবং শারীরিক পরীক্ষা মিলিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
কোন লক্ষণগুলোতে সতর্ক হবেন ?
ঘাড়ের ব্যথা যদি বারবার ফিরে আসে বা দীর্ঘদিন থাকে, কিংবা ব্যথা ঘাড় থেকে কাঁধ, বাহু বা আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হাতের শক্তি কমে যাওয়া, বারবার ঝিনঝিনি বা অবশভাব, হাতের সূক্ষ্ম কাজ করতে অসুবিধা—যেমন বোতাম লাগানো বা জিনিস ধরতে সমস্যা—হলেও অবহেলা করা ঠিক নয়।