বাবলু প্রামানিক, বারুইপুর: গত বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল বারুইপুরে এক তৃণমূল নেতার বাড়ি। ঘটনায় কার্যত তছনছ হয়ে গিয়েছিল বাড়ি ঘর। এমনকি বিস্ফোরণের অভিঘাত এতটাই জোড়ালো ছিল যে পাশে থাকা একটি বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছিল। সেই বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে আজ, সোমবার ঘটনাস্থলে গেল ফরেনসিক দল।
রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তরভাগ লালপোল এলাকায় যুব তৃণমূল সভাপতি দ্বিজেন মণ্ডলের বাড়ি। সেখানেই গত বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। কার্যত তছনছ হয়ে গিয়েছিল গোটা বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোতলা বাড়িটির একাধিক অংশ ভেঙে পড়েছিল। বাড়ির লোহার শাটার ভেঙে প্রায় ২০০ মিটার দূরে ছিটকে গিয়েছিল। ক্ষতি হয়েছিল আশপাশের বহু বাড়ির। ঘটনার পাঁচদিন পার হলেও এখনও আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারেননি এলাকার সাধারণ মানুষ। এমতাবস্থায় বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে গেল তিন সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল। সূত্রের খবর, এদিন ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন তারা। ঘুরে দেখেন ধ্বংসস্তূপ।
ঘটনার পর পুলিশের প্রাথমিক অনুমান ছিল, গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। যদিও বিস্ফোরণের তীব্রতা অন্য ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু তৃণমূল নেতার কথায় সব ধোঁয়াশা কাটে। তিনি স্পষ্ট জানান, ঘটনার সময় বাড়িতে কোনও গ্যাস সিলিন্ডারই ছিল না। এখানেই প্রশ্ন ওঠে, তাহলে কোন উপাদান থেকে এমন ভয়াবহ কাণ্ড ঘটল। অন্যদিকে, স্থানীয়দের দাবি বাড়িতে অন্য কোনও বিস্ফোরক মজুত থাকার কারণেই এই ঘটনা ঘটেছিল। এমতাবস্থায় সেই রাতে ঠিক কী থেকে এত বড় দুর্যোগ তৈরি হল, তা ফরেনসিক রিপোর্ট এলেই পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।