নিজস্ব প্রতিনিধি : মুর্শিদাবাদে পুলিশ ও দুষ্কৃতীদের খণ্ডযুদ্ধ। জুয়ার ঠেকে হানা দিয়ে বোমার আঘাতে আক্রান্ত পুলিশ। রবিবার রাতের ওই ঘটনায় এএসআই সাদেক আলি গুরুতর আহত হয়েছেন বলে খবর সূত্রের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এছাড়াও আরও দুই পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর।
জানা যাচ্ছে, ঘটনাটি সালারের খারেরা গ্রামের। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ওই জুয়ার ঠেকে থেকে হানা দিয়েছিল পুলিশ। কিন্তু ঘটনাস্থলে পুলিশ যেতেই তাঁদের বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। বোমার বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা। ঘটনায় গুরুতর আহত হন এএসআই-সহ আরও ২ পুলিশকর্মী। অভিযোগ, পর পর কয়েকটি বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
এরপর গতকাল রাতেই আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সাদেকের শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। অন্যদিকে গতকাল রাতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই সেখানে পরিস্থিতির উপর নজর রাখতে র্যাফ মোতায়েন করা হয়েছে। তবে এখনও দুষ্কৃতীদের কাউকে গ্রেফতার করা যায়নি। সন্দেহজনক কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।