ওঙ্কার ডেস্ক: ফুটবল দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির হোর্হে মেসি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। আর্জেন্টিনার রোসারিও শহরের একটি চিকিৎসাকেন্দ্রে দীর্ঘদিন অসুস্থ থাকার পর তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। হোর্হে মেসির শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই ভালো ছিল না। শেষ কয়েক মাসে তাঁকে রোসারিওর একটি চিকিৎসাকেন্দ্র এবং নিজের বাড়ির মধ্যে যাতায়াত করতে হয়েছে। সেই সময় স্ত্রী সেলিয়া এবং সন্তান রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সোল তাঁর পাশে ছিলেন।
শুধু বাবা হিসেবে নয়, লিওনেল মেসির ফুটবলজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন হোর্হে। ছোটবেলা থেকেই ছেলের ফুটবল প্রতিভার প্রতি তাঁর গভীর আস্থা ছিল। মেসির শৈশবের দিনগুলিতে তাঁর ফুটবলচর্চার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন হোর্হে। পরবর্তী সময়ে মেসি যখন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হয়ে ওঠেন, তখনও পেশাগত জীবনে তাঁর বাবাই ছিলেন দীর্ঘদিনের প্রতিনিধি ও এজেন্ট। ফলে মাঠের বাইরে মেসির ক্যারিয়ার গড়ে ওঠার পিছনেও হোর্হের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রোসারিও শহরের সঙ্গে মেসি পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর। সেখানেই বড় হয়ে ওঠেন লিওনেল মেসি এবং সেখানকার নিউয়েলস ওল্ড বয়েজ ক্লাবের যুব দলে তাঁর ফুটবলজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। মেসির অসাধারণ প্রতিভা পরবর্তীতে তাঁকে স্পেনের বার্সেলোনায় নিয়ে যায়। কিন্তু বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার হয়ে ওঠার পরেও নিজের শহর ও পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ অটুট ছিল।
হোর্হে মেসির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোকবার্তা জানিয়েছে ফুটবল বিশ্বের একাধিক প্রতিষ্ঠান। মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ শোকপ্রকাশ করে জানায়, লিওনেলের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে হোর্হের নেপথ্যের সমর্থন ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বার্সেলোনার তরফেও মেসির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও হোর্হে মেসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার বিভিন্ন স্তরের ফুটবল ম্যাচে এক মিনিট নীরবতা পালন এবং খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবলও মেসি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।