স্পোর্টস ডেস্ক : বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ঘরের মাঠে আইএসএলের শেষ ম্যাচে ১০ জনে খেলে অ্যান্টন সজবার্গের সংযুক্তি সময়ের গোলে ৩-৩ ড্র করে মাঠ ছেড়েছিল ইস্টবেঙ্গল। এই ড্রয়ে পয়েন্ট নষ্ট হলেও লাল হলুদ শিবিরে তৃপ্তির পাশাপাশি চরম ক্ষোভ ছিল তাদের দলের অন্যতম সেরা অস্ত্র মিগুয়েলকে লাল কার্ড দেখানো নিয়ে। ইস্টবেঙ্গল মিগুয়েলকে আগামী ২ ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর আসল ফোকাস অবশ্য মঙ্গলবার গোয়ার মাঠে ওড়িশা ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়া। আর মঙ্গলবার সেই লক্ষ নিয়েই ওড়িশা ম্যাচে নামবে টিম লাল হলুদ।আর এই জয়টা তিনি ও তাঁর ফুটবলাররা পেতে মরিয়া, পরের তিন কঠিন প্রতিপক্ষ মুম্বই সিটি, পাঞ্জাব এফসি ও মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস অটুট রাখতে।
ওড়িশা এফসি ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৩ নম্বরে আছে ঠিক মহমডানের ওপরে। এমন একটা দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ জেতা কি খুব কঠিন হবে? এটাই কি পরের তিন কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করার আগে নিজেদের গুছিয়ে নেওয়ার সবচেয়ে বড় সুযোগ? লাল হলুদ ব্রিগেডের হেড স্যার অস্কারের উত্তর, ‘ ওড়িশা যতই লিগ টেবিলের নীচের দিকে থাকুক, ওদের হাল্কাভাবে নেওয়া যাবে না। ওড়িশা দলে একজন মাত্র বিদেশি থাকলেও, ওরা প্রতি ম্যাচে লড়ছে। শেষম্যাচেও ওরা লড়ে হেরেছে কেরালা ব্লাস্টার্সের কাছে। তাছাড়া প্রতিপক্ষ আপাতদৃষ্টিতে কঠিন মনে না হলেও, আমরা নানা কারণে কঠিন পরিস্থিতিতে রয়েছি এই ম্যাচের আগে। পচা শামুকেও মাঝেমধ্যে পা কাটে। তাই ফোকাস ঠিক রেখেই ওড়িশা ম্যাচ জেতার জন্য ঝাঁপাতে হবে।’মিগুয়েল আমার দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। ও না খেলায় ছক অন্য হবে । আনোয়ার ও রশিদ পুরো ফিট নয়।’
ঘনঘন খেলা বা হোম ম্যাচ বাইরে গিয়ে গোয়ায় খেলতে হচ্ছে বলে কোনও অভিযোগ নেই কোচ অস্কারের। বরং তাঁর চিন্তা বা ক্ষোভ রেফারিং নিয়ে। বলেই দিলেন, ‘ চলতি মরশুমে আইএসএল শুরু হওয়া নিয়েই সংশয় ছিল। শুরু থেকেই সূচীতে হোম ও অ্যাওয়ে ম্যাচের সংখ্যার দিক থেকে সমান সুবিধা সবদল পায়নি। তাই ওনিয়ে আমার কোনও অভিযোগ নেই। কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে মিগুয়েল ও রেফারির অন্যান্য সিদ্ধান্তের কারণে আমাদের ভুগতে হয়েছে। এটা অনুচিত। এটাই ভাবাচ্ছে। আশা করি, এরপর এমন কিছু ঘটবে না। যদি এরপর প্রমাণ হয় কোনও ম্যাচে রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল না, তাহলে তাঁকে কি ফ্রিজ করে দেওয়া হবে বাকি আইএসএল ম্যাচের জন্য।’