স্পোর্টস রিপোর্টার : রক্ষণের আরও শক্তি বাড়াতে মোহনবাগান সুপার জায়ান্ট দলে নিল অ্যালেক্স সাজিকে। ভারতের যুব দলের অন্যতম সদস্য কেরলের ফুটবলারটি সেন্টার ব্যাক পজিসনে খেলে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছেন। গতবছর স্পোর্টিং ক্লাব দিল্লির হয়ে খেলেছেন ছাব্বিশ বছরের সাজি। এর আগে তাঁর খেলার অভিজ্ঞতা আছে গোকুলম কেরালা, কেরল ব্লাস্টার্স, নর্থ ইস্ট ইউনাউটেডের মতো নামী ক্লাবে। মূলত দীর্ঘমেয়াদী দল গঠনের কথা ভেবেই তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। ছয় ফুট দু ইঞ্চি উচ্চতা হওয়ায় এরিয়াল বল দখলের লড়াইয়ে সবসময়ই এগিয়ে থাকেন সাজি। এটা তাঁর বড় গুণ। ডুরান্ড কাপের প্রস্তুতির জন্য কাল সোমবারই শহরে চলে আসছেন নবাগত এই ফুটবলার। মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চুক্তিতে সই করে এমবি এসজি মিডিয়া টিমকে অ্যালেক্স সাজি যা বললেন, “মোহনবাগানের মতো ঐতিহ্য ও সফল ক্লাবের জার্সি পরার স্বপ্ন দেশের সব ফুটবলারেরই থাকে। আমারও স্বপ্ন ছিল এখানে খেলার। তাই সুযোগ আসার সঙ্গে সঙ্গে তা নিয়েছি কারণ এটাই সবুজ মেরুন জার্সি পরে খেলার সেরা সময়। আমি এবং আমার পরিবার গর্বিত যে এরকম একটা ক্লাব খেলার সুযোগ পেয়েছি। অনুশীলনে নামার জন্য এবং খেলার জন্য মুখিয়ে আছি।“
তিনি আরও বলেন, “মোহনবাগানের এবারের দল আরও শক্তিশালী। গতবারের দলের সঙ্গে আরও কিছু অভিজ্ঞ ফুটবলার যোগ দিয়েছে। কোচ পানোসের নেতৃত্বে আমরা আরও শক্তিশালী হয়ে মাঠে নামব এবার। প্রতিটি ম্যাচে জিততেই মাঠে নামব এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। নতুন মরসুমের কথা ভেবে আমি এখন থেকেই তাই উত্তেজিত ও রোমাঞ্চিত। আমার লক্ষ্য নিজের সেরাটা দিয়ে ক্লাবকে চ্যাম্পিয়ন করা। সুযোগ পেলেই মাঠে এবং মাঠের বাইরে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করব। এখানে অনেক সিনিয়র এবং অভিজ্ঞ ফুটবলার খেলবে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়াটা আমার মতো ফুটবলারের কাছে বড় ব্যাপার। ওদের সঙ্গে থেকে নিজেকে আরও উন্নত করাও লক্ষ্য আমার।“