নিজস্ব প্রতিনিধি, হুগলি : বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে কারখানায় চলছিল ঝাড়পোঁছ ও পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ। সেই সময়ই হঠাৎ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল কারখানার বেশিরভাগ অংশ।
মঙ্গলবার দুপুর প্রায় বারোটার সময় শ্রীরামপুর ভট্টাচার্য গার্ডেন এলাকার সর্দারপাড়ার বহু পুরনো সুতো তৈরির কারখানায় আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি হিসেবে পরিস্কারের সময় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। প্রথমে কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই লেলিহান শিখা ভয়ঙ্কর রূপ নেয় এবং গোটা কারখানা জুড়ে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও।
পুজোর আগে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানার সমস্ত কিছু পুড়ে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে কারখানা কর্তৃপক্ষ।
