ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য চাকরিহারা শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। যে তালিকায় ১৮০৬ জনের নাম রয়েছে। অযোগ্যদের নামের তালিকা প্রকাশের পর যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন, সেই শিক্ষকরা এ বার চাকরি ফেরতের দাবিতে স্কুল সার্ভিস কমিশনের দফতর ঘেরাওয়ের ডাক দিলেন। সোমবার করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান শুরু করবেন তাঁরা।
‘যোগ্য’ চাকরিহারারা প্রশ্ন তুলতে শুরু করেছেন, দাগিদের নাম প্রকাশ্যে আসার পরও কি পরীক্ষা নেওয়া হবে? চলতি মাসের ৭ ও ১৪ তারিখে এসএসসি নতুন করে নিয়োগের জন্য পরীক্ষা নেবে। ইতিমধ্যে সেই পরীক্ষায় বসতে চেয়ে আবেদন করেছেন অনেকে। তার মধ্যে যারা দাগি বলে চিহ্নিত এমন বহু চাকরিহারাও আবেদন করেছেন। কিন্তু তাঁদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৪০০ জনের অ্যাডমিট কার্ড বাতিল করেছে এসএসসি। উল্লেখ্য, দাগিদের যে তালিকা এসএসসি প্রকাশ করেছিল, সেখানে শাসকদলের অনেকের নাম ছিল।
তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, প্রিয়াঙ্কা মণ্ডলের নাম তালিকায় দেখা গিয়েছে। এ ছাড়া পিংলার জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝির নাম দেখা গিয়েছে। তৃণমূল বিধায়কের আত্মীয়েরও নাম ছিল অযোগ্যদের তালিকায়।
অন্য দিকে যোগ্য চাকরিহারারা চাকরি ফিরে পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ইমেইল পাঠিয়েছেন। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ পক্ষ থেকে মেল পাঠিয়ে দাবি করা হয়েছে, বিধানসভায় আলোচনা করে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা হোক। প্রযোজনে বিল পাশ করানোর দাবি জানিয়েছেন তাঁরা।
