ওঙ্কার ডেস্ক: ইতিহাসে নাম লেখালেন সূর্য কুমার যাদব। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার পরে তৃতীয় বার তৃতীয় অধিনায়ক হিসাবে ভারতকে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করলেন। নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয় বার টি২০ বিশ্বকাপ জিতল ভারত। অধিনায়ক সূর্য এখানে থেমে থাকতে চান না, আরও ট্রফি চান তিনি।
রবিবার বিশ্বকাপ জয়ের পর কোচ গম্ভীরের পাশাপাশি জসপ্রীত বুমরাহর প্রশংসা করেছেন সূর্য। ভারত অধিনায়ক বলেন, ‘সবে তো শুরু। এর পরে আমাদের লক্ষ্য হল ২০২৮ সালের অলিম্পিক্সে সোনা জেতা। সেই বছরই টি-২০ বিশ্বকাপ। সেটাও জিততে নামব। আমাদের এই পারফরমেন্সই ধরে রাখতে হবে। গৌতি ভাইয়ের অধীনে আমি চার বছর খেলেছি। ওকে খুব ভাল ভাবে চিনি। আমাদের ভাবনা মেলে। আমরা দু’জনেই দলের ভালর কথাই ভাবি। সেটাই আমাদের লক্ষ্য।’
সূর্য কুমার যাদব আরও বলেন, ‘গৌতি ভাইকে আমি চোখ বন্ধ করে ভরসা করি। গত দু’বছর ধরে এই কাজটাই করছি। একটা ভাল সাজঘর তৈরি করেছি। কারও কোনও সমস্যা থাকলে তাকে নৈশভোজে নিয়ে যাই। কথা শুনি। আমি প্রত্যেকের কথা শুনি। কারণ আমার মতে, প্রত্যেকের যদি বাক্স্বাধীনতা না থাকে, তা হলে সেই দল সফল হতে পারে না। তাই সকলের কথা শোনাটা জরুরি। সেই কারণেই ওরা আমার কথাও শোনে।’ এছাড়া তিনি বললেন, বুমরাহর সম্পর্কে কী আর বলব ও দেশের জাতীয় সম্পদ।’
