ওঙ্কার ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বীরভূম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর জেলা সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। এই জেলায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শুভেন্দু অধিকারীর এই সফরের দিকে রাজনৈতিক মহলেরও নজর রয়েছে। সাম্প্রতিক একাধিক ঘটনা ঘিরে আলোচনার মধ্যেই বীরভূমে যাচ্ছেন তিনি। আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তিনি কী বার্তা দেন, সেদিকেই নজর সকলের।
সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুরে তারাপুরের মাঠে তৈরি হেলিপ্যাডে নামার কথা মুখ্যমন্ত্রীর। হেলিকপ্টারে চেপে সেখানে পৌঁছবেন তিনি। এরপর সড়কপথে যাবেন তারাপীঠ মন্দিরে। সেখানে মা তারার পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তারাপীঠে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মন্দির চত্বরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারাপীঠের কর্মসূচি শেষ করে রামপুরহাটে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। রামপুরহাটের রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে শুভেন্দুর। বৈঠকে জেলার বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।
মুখ্যমন্ত্রীর সফরের আগে জেলা প্রশাসনের ব্যস্ততা বেড়েছে। তাঁর যাত্রাপথের বিভিন্ন জায়গায় সাফাই অভিযান করা হয়েছে। তারাপীঠ মন্দিরের শ্মশান চত্বরেও সাফাই অভিযান চালানো হয়েছে। রাস্তার দু’পাশ সাজানো হয়েছে ব্যানার ও ফ্লেক্সে। মন্দিরে মুখ্যমন্ত্রীর পুজোর সময় পৃথক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। জেলা পুলিশের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও অতিরিক্ত বাহিনী আনার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তার কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন।