মুগ ডাল দিয়ে মিষ্টি কুমড়োর জুড়ি মেলা ভার। এটি একটি অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং ঐতিহ্যবাহী বাঙালি নিরামিষ পদ। দুপুরের গরম ভাত কিংবা রাতের রুটির সঙ্গে এই পদটি খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। জেনে নিন নিরামিষ পদটির বানানোর সহজ পদ্ধতি।
উপকরণ :
সোনা মুগ ডাল -১ কাপ,মিষ্টি কুমড়ো- ২৫০ গ্রাম (ডুমো করে কাটা),
সর্ষের তেল-২ টেবিল চামচ,গোটা জিরে ও তেজপাতা- আন্দাজ মতো, ফোড়নের জন্যশুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা- স্বাদমতো,আদা বাটা-১ চা চামচ,হলুদ ও জিরে গুঁড়ো- ১ চা চামচ, নুন ও চিনি- স্বাদ অনুযায়ী, ঘি ও গরম মশলা গুঁড়ো- সামান্য।
প্রস্তুত প্রণালী :
প্রথমে একটি শুকনো কড়াইতে মুগ ডাল হালকা সোনালী করে ভেজে নিন। ডাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন।
কড়াইতে জল দিয়ে ভাজা ডালটি সেদ্ধ করুন। খেয়াল রাখবেন ডাল যেন গলে না যায়, কিছুটা গোটা থাকে।
অন্য একটি কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিন। এবার কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে নিন।
ভাজা কুমড়োর মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন।
মশলা থেকে তেল ছাড়লে সেদ্ধ করা মুগ ডাল ও চেরা কাঁচা লঙ্কা কড়াইতে ঢেলে দিন। স্বাদমতো নুন ও সামান্য চিনি যোগ করুন।
এরপর সামান্য জল দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন, যাতে কুমড়ো নরম হয় এবং ডালের সাথে মিশে যায়। ঝোল মাখামাখা হয়ে এলে ওপর থেকে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।
পুষ্টিগুণ :
মিষ্টি কুমড়ো ভিটামিন ‘এ’ এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা চোখের জন্য উপকারী। অন্যদিকে, মুগ ডাল উদ্ভিজ্জ প্রোটিনের একটি দুর্দান্ত উৎস। এই দুইয়ের মেলবন্ধন শরীরকে পর্যাপ্ত শক্তি যোগায় এবং হজম প্রক্রিয়া সহজ করে। সম্পূর্ণ নিরামিষ হওয়ায় যেকোনো পুজো বা উৎসবের দিনেও এটি একটি আদর্শ মেনু।