আসন্ন বিধানসভা উপনির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে নিহত চন্দ্রনাথের মা হাসিরানি রথ’কে প্রার্থী করেছে পদ্মশিবির। আজ অর্থাৎ মঙ্গলবার মনোনয়ন পেশ করবেন তিনি। তার আগেই হাসিরানিকে সঙ্গে নিয়ে হলদিয়ায় প্রচার সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষ্কার বুঝিয়ে দিলেন, নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড় কেবল সময়ের অপেক্ষা। তাঁর কথায়, ‘আমি ভোট করাতে জানি। এমন মার্জিনে বিজেপি জিতবে কেউ ভাবতে পারছেন না।’
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। ইতিমধ্যেই সিপিএম, তৃণমূল-সহ বাকি দল গুলোর তরফে প্রার্থী ঘোষণা হয়েছে। তবে ওই দুই হাইভোল্টেজ কেন্দ্রের জন্য বিজেপি কাদের উপর ভরসা রাখে, তা নিয়ে কৌতূহল ছিল সকলের। মূলত শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে জল্পনা ছিলই। আজ সেই জল্পনা কাটিয়েই নিহত চন্দ্রনাথ রথের নাম ঘোষণা করল পদ্মশিবির। অন্যদিকে রেজিনগর থেকে মুর্শিদাবাদের প্রাক্তন বিজেপি সভাপতি তথা দলের রাজ্য কমিটির সদস্য শাখারভ সরকারকে প্রার্থী করেছে বিজেপি।
এদিন হলদিয়ার সভা থেকে শুভেন্দুর বার্তা, ‘আমি ভোট করাতে জানি, এমন মার্জিনে বিজেপি জিতবে, কেউ ভাবতে পারেনি। এবারও এমন মার্জিনে জিতব কেউ ভাবতে পারছেন না।’ একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানায় নেয় তিনি। কটাক্ষের সুরে বলেন, ‘ওর পাড়ায় গিয়ে ওকে হারিয়ে এসেছি।’