ওঙ্কার ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বিপদ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। চলতি দশকের শেষে এআই-এর কারণে মানবজাতি বিলুপ্ত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন—অ্যানথ্রপিক এর প্রাক্তন গবেষক জ্যাকব কক্সন। তার কয়েক দিনের মধ্যেই, আরও এক এআই বিশেষজ্ঞ পদত্যাগ করলেন। সেই সঙ্গে তাঁর সতর্কবার্তা আগামী পাঁচ বছরে ব্যাপক ক্ষতি হবে।
রিপোর্ট অনুসারে, ওই এআই বিশেষজ্ঞের নাম জশ এঙ্গেলস। তিনি গুগল ডিপমাইন্ড-এর এজিআই নিরাপত্তা টিমে কর্মরত ছিলেন। বর্তমানে ওই সংস্থা ছেড়ে এআই মূল্যায়নকারী সংস্থা ‘এমইটিআর এ যোগ দিয়েছেন। তিনি জানান, উন্নত এআই-এর ক্ষেত্রে বিপদের মাত্রা অত্যন্ত বেড়ে গেছে। সেই কারণে তাঁর এই সিদ্ধান্ত। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এঙ্গেলস জানান, তিনি তিন সপ্তাহ আগে ডিপমাইন্ড ছেড়েছেন। ওই সংস্থায় কাজ করাটা উপভোগ করতেন। তাঁর দাবি, অ্যানথ্রপিক ও ওপেনএআই -এর প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন।
এঙ্গেলস লিখেছেন, ‘আমার এখন মনে হয়, আগামী পাঁচ বছরের মধ্যে এআই সিস্টেমের কারণে ব্যাপক ক্ষতির এক ভয়াবহ আশঙ্কা রয়েছে।’ তিনি আরও বলেন, এর সঠিক সম্ভাবনা বা হার কত তা তিনি জানেন না। তবে তাঁর মতে, ঝুঁকিটি এতটাই বেশি যে এআই নিরাপত্তাকে “বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা” হিসেবে বিবেচনা করা উচিত।