টানা কয়েকদিনের ঝড়-বৃষ্টির পর অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছিল। তবে এবার হাওয়া বদলের পালা। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি এখনও সক্রিয় থাকলেও তার সরাসরি প্রভাব আর পশ্চিমবঙ্গের ওপর পড়ছে না। ফলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় এবার শরতের আমেজ মিলতে পারে।
ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সীমান্তের গভীর নিম্নচাপটি আগেই শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে তা আরও উত্তর-পশ্চিমে সরে মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ় সীমান্তের কাছে অবস্থান করছে। রবিবারের মধ্যেই তা আরও শক্তি হারিয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে সংলগ্ন এলাকায় বৃষ্টি হলেও, পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি বা ঝড়বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
হাওয়া অফিস আরও জানিয়েছে, দেশ থেকে বর্ষা এখনও পুরোপুরি বিদায় নেয়নি। তাই আগামী এক সপ্তাহ রাজ্যের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে ভারী বর্ষণ বা নতুন করে কোনও দুর্যোগের আশঙ্কা নেই। উত্তর বা দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই কোনও সতর্কতা জারি করা হয়নি। সমুদ্র উত্তাল থাকায় শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা ছিল, রবিবার থেকে সেই সতর্কতাও তুলে নেওয়া হয়েছে। যদিও কলকাতা সহ সব জেলাতেই দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম।