ওঙ্কার ডেস্কঃ আদালত চত্বরে বিস্ফোরণ ঘটবে! এজলাসে বসে এমনই উড়ো মেল পেলেন বিচারক। কলকাতা থেকে পশ্চিম বর্ধমান জেলা আদালত, চুঁচুড়া থেকে ব্যাঙ্কশাল কোর্ট, মুর্শিদাবাদ জেলা আদালত সর্বত্র উড়ো মেল ঘিরে আতঙ্ক ছড়াল মঙ্গলবার। হুমকি মেলের পর দ্রুত ফাঁকা করা হয় আদালর চত্বর। পুলিশকুকুর নিয়ে তল্লাশি চলে সর্বত্র। এই ঘটনার পর বিচারক থেকে বাংলার সাধারণ মানুষ, সকলের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিল রাজ্য পুলিশ-প্রশাসন। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার জানান, কোথা থেকে এই মেলগুলো পাঠানো হল, তা খুঁজে বার করতে সক্রিয় পুলিশের সাইবার সেল।
মঙ্গলবার রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক। এ দিন সিটি সিভিল কোর্ট আসানসোল জেলা আদালত, দুর্গাপুর মহকুমা আদালত, মুর্শিদাবাদ জেলা জজ অফিসে বোমা রাখার হুমকি দেওয়া হয়। হুমকি ইমেল-এ দাবি করা হয়, সিটি সিভিল কোর্টে বোমা রাখা হয়েছে। এই পরেই নড়েচড়ে বসে পুলিশ। গোটা বিল্ডিং খালি করে দেওয়া হয়। এর পরে স্নিফার ডগ এনে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সন্দেহভাজন কিছু মেলেনি। এই মেলটি কে বা কারা পাঠাল, সেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী বলেন, ‘‘বিচারকদের সব রকম সুরক্ষা দেবে। তাঁরা যাতে এসআইআরের কাজ নির্বিঘ্নে করতে পারেন, তার জন্য সাহায্য করা হবে।’’ রাজ্যের ডিজিপি পীযূষ পাণ্ডে বলেন, ‘‘আমরা পুরোপুরি প্রস্তুত।’’ কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। তিনি জানান, কোথা থেকে এই মেলগুলো পাঠানো হল, তা খুঁজে বার করতে সক্রিয় পুলিশের সাইবার সেল।
চুচুড়া আদালতেও হুমকি মেল আসে। মঙ্গলবার জেলা জজের কাছে একটি মেল আসে,তাতে বলা হয় আদালতে আরডিএক্স বিস্ফোরণ করা হবে । পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে বিষয়টি অবগত করা হয় আদালতের পক্ষ থেকে। এরপরই চন্দননগরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আদালতে পৌঁছে যায়।
মুর্শিদাবাদ জেলা জজ অফিসেও হুমকি মেইল আসে। SIR নিয়ে মুর্শিদাবাদ জেলা জজ ও জেলার অতিরিক্ত দায়রা বিচারকরা যাতে কোনও রকম হস্তক্ষেপ না করে, সেই বিষয়ে হুমকি দিয়ে একটি মেল করা হয়। সেখানে আদালতে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে, এমনটাই জানান মুর্শিদাবাদ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিকি।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বিচারকদের একটি বড় অংশ বর্তমানে এসআইআর নিয়ে কাজ করছে। এই হুমকির সঙ্গে, এসআইআরের কাজের কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছেম তদন্তকারীরা।
