ওঙ্কার ডেস্ক: কংগ্রেসের কর্মী বাবা ও ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শনিবার স্বাধীনতা দিবসের রাতে। নদিয়ার নাকাশিপাড়ার এই ঘটনার তদন্তে নেমে তৃণমূল নেতার স্ত্রী ও এক যুবককে গ্রেফতার করল পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান খুনের ঘটনায় হরনগর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান জুব্বার শেখের নাম জড়িয়েছে। তাঁর স্ত্রী ফতেমা বিবিকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, সাহেব নামে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্য দিকে কংগ্রেস কর্মী খুনে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে হাত শিবির। রবিবার রাজ্যজুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে তারা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘রাজ্যে সংখ্যালঘু এবং বিরোধীদের কণ্ঠরোধ করার অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের লড়াই চলবেই।’ কংগ্রেস নেতা অধীর চৌধুরী সমাজ মাধ্যমে লিখেছেন, ‘নদিয়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর পুত্রের হত্যার তীব্রতম ভাষায় নিন্দা ও ধিক্কার জানাই। ‘ভয় আউট, ভরসা ইন’-এর স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে এই সরকার। সেখানে স্বাধীনতা দিবসের দিনে এমন জঘন্য ঘটনা মানুষের নিরাপত্তা ও স্বাধীন ভাবে রাজনীতি করার অধিকার নিয়ে একাধিক প্রশ্ন তুলে দেয়।’
উল্লেখ্য শনিবার রাত ৯টা নাগাদ আনিসুর রহমান তাঁর ছেলে আবু সুফিয়ানকে গাড়ি থেকে নামিয়ে গুলি চালিয়ে খুন করা হয়। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও তাঁকে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।