ওঙ্কার ডেস্ক: জোড়াফুল প্রতীক কার হাতে থাকবে, সেই নিয়ে তৃণমূলের দুই শিবিরের সংঘাত এখন চরমে। এ বিষয়ে নিষ্পত্তি করতে আজ দুই পক্ষের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আলাদা বৈঠক করবে দুই শিবির।
কমিশনের সিদ্ধান্তের পর প্রতীক নিয়ে পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হতে পারে বলে মনে করা হচ্ছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, দুপুর ৩টেয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হবে। তার ঠিক এক ঘণ্টা পরে, বিকেল ৪টেয় কমিশনে হাজির হবে কালীঘাট তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। কালীঘাট শিবিরের প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। থাকছেন লোকসভার সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। প্রতীক সংক্রান্ত বিরোধের নিষ্পত্তিতে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করেছে দুই পক্ষ। বুধবারই উভয় শিবিরের তরফে আইনি নথি এবং প্রামাণ্য দলিল কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে।
দুই পক্ষের বক্তব্য এবং জমা দেওয়া নথি খতিয়ে দেখার পর কমিশন নিজেদের অবস্থান জানাতে পারে। সেই কারণেই বৃহস্পতিবারের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও সামনে আসেনি। তার মধ্যেই উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই শিবির। নন্দীগ্রাম এবং রেজিনগর—দুই কেন্দ্রেই আলাদাভাবে প্রার্থী দিয়েছে তারা। দু’পক্ষেরই দাবি, জোড়াফুল প্রতীক নিয়েই নির্বাচনে লড়বে তারা।
বুধবারই ওই দুই কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু তার আগেও প্রতীক নিয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে বৃহস্পতিবারের বৈঠকের পর কোনও সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।