নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: সরকারি অফিসে রাতের অন্ধকারে গান বাজিয়ে চলছে পিকনিক! জমিয়ে মাছ মাংস রান্নার অভিযোগ। আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উঠছে নজরদারি নিয়ে একগুচ্ছ প্রশ্ন।
সূত্রের খবর, বুধবার রাতে জেলা ইন্সপেকশন স্কুল অফ সেকেন্ডারি এডুকেশন অফিস চত্বরে পিকনিকের আয়োজন করা হয়েছিল। পরে সেই মুহূর্তের কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। সেখানেই দেখা যায় গান বাজিয়ে, মাংস সহযোগে জমিয়ে চলছে খানাপিনা। যা দেখে কার্যত চোখ কপালে স্থানীয়দের। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সরকারি দপ্তরে রাতের অন্ধকারে এই বিপুল আয়োজন কীভাবে সম্ভব? কাদের মধ্যে হচ্ছে এইসব।
অন্যদিকে ঘটনার খবর সামনে আসতেই বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন এবিআরএসএম-( ABRSM)এর সদস্যরা। সংগঠনের অভিযোগ, সরকারি অফিসকে এভাবে ব্যক্তিগত আয়োজনের জায়গা হিসেবে ব্যবহার করা কোনভাবেই গ্রহণযোগ্য না। ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট দফতরের ডিআই এবং পুলিশ প্রশাসনের কাছেও জানানো হয়েছে বলে দাবি সংগঠনের। তবে এই আয়োজনের সঙ্গে কারা যুক্ত ছিলেন, আদৌ কোন সরকারি কর্মচারী ছিলেন কিনা তা এখনো স্পষ্ট না। ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট দফতর এবং পুলিশ কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।