গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: নদীর প্রবল জলোচ্ছ্বাসে ভাঙছে বাঁধ। বুধবার বিকেল থেকে আতঙ্কে রায়দীঘির নন্দকুমার পঞ্চায়েতের হরিণঘাটা বাজারের সাধারণ মানুষ। ইতিমধ্যে গ্রামে, জল ঢুকতে শুরু করেছে বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে গতকাল বিকেল থেকেই পরিস্থিতি মোকাবেলায় তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন। জোর কদমে চলছে বাঁধ মেরামতির কাজ।
স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেল চারটে নাগাদ আজমকা নদীর বাঁধ ভাঙতে শুরু করে। হুড়মুড়িয়ে নদীর জল ঢুকতে শুরু করে এলাকায়। ভেঙে পড়ে পরপর দুটি বিদ্যুতের খুঁটি। ফলে অন্ধকার নেমে আসে গ্রামে। এরপর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মধুরাপুর-২ ব্লক প্রশাসনের আধিকারিক ও সেচ দপ্তরের কর্মীরা। কালবিলম্ব না করে গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয় বাত মেরামতির কাজ। সূত্রের খবর, প্রশাসনের তৎপরতায় আজ, অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাঁধ মেরামতির কাজ অনেকটাই এগিয়েছে। মেরামতি চলছে বিদ্যুৎ খুঁটির। প্রশাসনের দ্রুত তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ।
জানা যাচ্ছে, বিগত ছয় সাত বছর আগে ওই এলাকায় প্রায় ভাঙন রোধ করতে একটি বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু সেই বাঁধে গভীর ফাটল দেখা দিতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। এমতাবস্থায় স্থানীয়দের দাবি, দ্রুত সেখানে কংক্রিটের বাঁধ তৈরি করুন সরকার। নাহলে ভবিষ্যতে ফের বাঁধ ভেঙে ভয়াবহ আকার নিতে পারে নাকচোড়া নদী।