নিজস্ব প্রতিনিধি : ১৩ সেপ্টেম্বর, রবিবার সকালে ঝাড়খণ্ড আর্মড পুলিশ-৯ (JAP-9)-এর কর্মীরা তাদের ক্যাম্পাসের ভেতরে ১০৫টি ফলনশীল গাছের চারা রোপণ করেন। ‘গঙ্গা মিশন (কলকাতা-সাহিবগঞ্জ)’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি গঙ্গা তীরবর্তী জেলাগুলোতে বৃক্ষরোপণ অভিযানকে আরও এগিয়ে নিয়ে গেল।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ঝাড়খণ্ড আর্মড পুলিশ-৯-এর আধিকারিক সুদান বুধ মানবজীবনের সুস্থতার জন্য বৃক্ষরোপণের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, “গাছ লাগানো প্রতিটি মানুষের একটি মৌলিক কর্তব্য। গাছ ছাড়া মানবজীবনের কথা কল্পনাও করা যায় না।”
‘গঙ্গা মিশন (কলকাতা-সাহেবগঞ্জ)’-এর উদ্যোগে ঝাড়খণ্ড আর্মড পুলিশ-৯-এর প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ বলে অবহিত করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। এদিন এই কর্মসূচিতে যোগ দিয়ে বৃক্ষ রোপণ করেন কবি সুধীর শ্রীবাস্তব। তিনিও তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন। কবি আনন্দ মোদী তাঁর বিখ্যাত ‘ছুইমুই’ কবিতাটি আবৃত্তি করে মনমুগ্ধকর আবহ ফুটিয়ে তোলেন। যার মধ্য দিয়ে উঠে আসে দৈনন্দিন জীবনে জল, বন ও পরিবেশের অসীম গুরুত্ব।
এই বৃক্ষ রোপণ কর্মসূচিতে যোগ দিয়ে আইনজীবী রাজীব সিং, বচনেশ্বর পাঠক, ব্রিজমোহন যাদব ও অশোক সরাফ পরিবেশ বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন। এছাড়া পরিদর্শক সত্যেন্দ্র পাসোয়ান, হাবিলদার মেজর জনার্দন সিং, ধর্মনাথ লোহার, অনিল কুমার সিং, অজয় কুমার যাদব, উমেশ ওরাওঁ এবং কনস্টেবল গোকুল পণ্ডিত, ব্রিজেশ কুমার সিং, বিহারী মারান্ডি ও মিন্টু গুপ্ত প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।