ওঙ্কার ডেস্কঃ যুদ্ধের আবহে হরমুজ বন্ধ করেছে ইরান। ওই জলপথে কার্যত অচলাবস্থা। ফলে বিশ্ববাজারে অস্থিরতা। এই পরিস্থিতিতে ট্রাম্প তাঁর মিত্র দেশগুলিকে রণতরী পাঠানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সেই অনুরোধ ইউরোপের বেশির ভাগ দেশ কার্যত নাকচ করে দেয়। এমনকি ভারতও এখনই কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না। সেকারণেই ক্ষোভ উগরালেন ট্রাম্প। জাণালেন, হরমুজ খুলতে বা নিরাপদ রাখতে আমেরিকার অন্য কারও সাহায্যের প্রয়োজন নেই। ট্রাম্প শুধু বন্ধুত্ব যাচাই করছিলেন।
সূত্রের খবর, জার্মানি, স্পেন, ইতালি-সহ বহু দেশ আমেরিকার এই প্রস্তাবে সাড়া দেয়নি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানান, মার্কিন অভিযান বিষয়ে ইউরোপকে আগাম কিছু জানানো হয়নি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর অনুমোদন ছাড়াই এমন মোতায়েনে যেতে পারে না বার্লিন।
মিত্র দেশগুলির সাড়া না পেয়ে ট্রাম্প জানান, “আমাদের কারও দরকার নেই। আমেরিকা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ, আমাদের সেনাও সবথেকে শক্তিশালী। পরীক্ষা করার উদ্দেশেই মিত্রদের পাশে চাইছিলেন, প্রয়োজনে কে সাহায্য করবে তা যাচাই করতে।”
ওয়াকিবহাল মহলের মতে, ট্রাম্প চাইছিলেন, মিত্র দেশগুলিও রণতরী পাঠিয়ে ওই জলপথে জাহাজ চলাচল নিশ্চিত করতে। কিন্তু ইউরোপের দেশগুলি তাতে রাজি না করায় আন্তর্জাতিক মহলে এটা কার্যত স্পষ্ট যে, বর্তমানে যে যুদ্ধ আবহ তাতে আমেরিকার সঙ্গে অনেক দেশেরই মত পার্থক্য আছে।
