ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রদেশের রাজগড় জেলার খিলচিপুর তহসিলের বামনগাঁও ছোটী গ্রামে বুধবার দুপুরে একটি নির্মীয়মাণ কুয়ো ধসে পড়ার ঘটনায় দুই মহিলা মাটির নিচে চাপা পড়েছেন। নিখোঁজ ওই দুই মহিলা সম্পর্কে জানা গিয়েছে, তাঁরা হলেন ৬০ বছর বয়সি রূপা এবং ৩০ বছর বয়সি পিঙ্কি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় ১টা নাগাদ একটি কৃষিজমিতে নতুন কুয়ো খোঁড়ার কাজ চলছিল। সেই সময় হঠাৎ করেই কুয়োর একাংশের মাটি ও পাথর ধসে পড়ে। ঘটনাস্থলের কাছেই দাঁড়িয়ে ছিলেন রূপা ও পিঙ্কি। আচমকা ধস নামায় তাঁরা কুয়োর ভিতরে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ মাটি ও পাথরের নিচে চাপা পড়েন। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ, প্রশাসন এবং উদ্ধারকারী দল সেখানে পৌঁছয়। উদ্ধারকাজে তিনটি জেসিবি মেশিন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দ্রুত ধ্বংসস্তূপ সরাতে একটি পোকলেন মেশিনও আনা হয়েছে।
উদ্ধার হওয়ার পর যাতে অবিলম্বে চিকিৎসা দেওয়া যায়, সে জন্য খিলচিপুর হাসপাতালের একটি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উদ্ধারকাজের তদারকি করছেন। গ্রামবাসীরাও উদ্ধার অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও ধস নামার আশঙ্কা এড়াতে অত্যন্ত সতর্কতার সঙ্গে মাটি ও পাথর সরানো হচ্ছে। উদ্ধারকারী দলের মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব দুই মহিলার কাছে পৌঁছনো এবং তাঁদের নিরাপদে বের করে আনা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল এবং দুই মহিলার অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই মধ্যপ্রদেশের পান্না জেলায় একটি নির্মীয়মাণ কুয়ো ধসে পড়ার ঘটনায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় আরও দু’জনকে জীবিত উদ্ধার করা হয়। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে একটি সেচ কুয়ো নির্মাণের সময় বড় অংশের মাটি ধসে পড়ায় ওই দুর্ঘটনা ঘটেছিল।