ওঙ্কার ডেস্ক: হেফাজতে থাকা এক রাজবনীতিবিদকে নির্যাতন করার অভিযোগে গ্রেফতার করা হল বিহারের এক আইপিএস আধিকারিককে। তাঁকে অন্ধ্রপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। এই ঘটনা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
রিপোর্ট অনুসারে, ধৃত পুলিশ কর্তার নাম সুনীল কুমার নায়েক। তিনি সিআইডি-এর ডিআইজি পদে ছিলেন। নরসাপুরমের প্রাক্তন সাংসদ কে রঘু রাম কৃষ্ণ রাজু যখন হেফাজতে ছিলেন, তখন তাঁকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। বর্তমানে অন্ধ্র বিধানসভার ডেপুটি স্পিকার রাজু। পুলিশ জানিয়েছে, বিহারের পাটনা থেকে সুনীল কুমারকে গ্রেফতার করা হয়েছে। সুনীল বর্তমানে বিহারের দমকল বিভাগের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পদে রয়েছেন। অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি দল সোমবার সকালে পাটনায় তাঁর সরকারি বাসভবনে অভিযান চালায়। যেখানে তাঁর বিভাগের কর্মীরা বিক্ষোভ দেখান এদিন। তাঁকে গ্রেফতারের পর আদালতে তোলা হয়েছে। বিহার পুলিশের এক কর্তা জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ পুলিশ কয়েক ঘন্টা ধরে শাস্ত্রী নগর থানা এলাকায় সুনীলকে তাঁর সরকারি বাসভবনে ঢুকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি বলেন, ‘অন্ধ্রপ্রদেশের তদন্তকারীদের একটি দল সোমবার সকালে পাটনায় সুনীল কুমার নায়েককে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের পর, পরবর্তী পদক্ষেপ হিসেবে তাঁকে অন্ধ্রপ্রদেশে আনা হবে।’
উল্লেখ্য, ধৃত আইপিএস আধিকারিক ২০০৫ ব্যাচের বিহার ক্যাডারের ছিলেন। ২০১৯ সালে, তিনি অন্ধ্র প্রদেশে নিযুক্ত হন। তিন বছর সেখানেই কর্মরত ছিলেন তিনি। ২০২৪ সালে তেলুগু দেশম পার্টি (টিডিপি) সরকার গঠনের পর তিনি বিহারে ফিরে আসেন। অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালে রাজুকে নায়েকের নির্দেশে গ্রেফতার করা হয়। হেফাজতে তাঁকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ। সেই সময় নায়েক অন্ধ্রপ্রদেশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় নিযুক্ত ছিলেন।
