ওঙ্কার ডেস্কঃ মধ্যাপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছিলেন যে, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে আপাতত পাঁচ দিন কোনও হামলা চালানো হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতির কোনও মান রাখল না আমেরিকা। প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসফাহানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করল ইরান।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, ইসফাহান প্রদেশ এবং খোরমশহরের দক্ষিণ-পশ্চিমে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজরায়েল। ইসফাহান প্রদেশের একটি গ্যাস উৎপাদন সংস্থায় হামলা চালানো হয়েছে। ওই সংস্থাটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ওই সংস্থার আশপাশে বসতি এলাকার একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, ইসফাহান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে ১০ বিলিয়ন ডলারেরও বেশি খরচ। একটা আঘাতেই সবকিছু উধাও, ধসে পড়বে। ওরা একটা চুক্তি চায়। আমরাও তাই চাই। সবকিছু ঠিকঠাক চললে, আমরা এই সমস্যার সমাধান করে ফেলব। নইলে, আমরা মনপ্রাণ দিয়ে বোমাবর্ষণ চালিয়ে যাব।
ইসফাহানের বিদ্যুৎকেন্দ্রে হামলা নিয়ে অবশ্য মুখ খোলেনি আমেরিকা বা ইজরায়েল। দুই দেশের কেউই এই হামলার দায় স্বীকার করেনি।