ওঙ্কার ডেস্ক: গত বুধবার থেকেই ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। যার মধ্যে কেবল ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে রাশিয়ার সঙ্গে ভারত বাণিজ্য করার কারণে। ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে মস্কোকে আর্থিক ভাবে সহযোগিতা করছে। আর সে কারণেই ভারতের উপর জরিমানা চাপানোর কথা জানিয়েছিলেন তিনি। তবে এ বার নয়াদিল্লির পণ্যে শুল্ক চাপানোর পিছনে আরও এক কারণের কথা জানাল ওয়াশিংটন।
বুধবার মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানান, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে দেরি হওয়াও ভারতের উপর বাড়তি শুল্ক আরোপের অন্যতম কারণ।’ ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তি সমঝোতা করতে উভয় দেশের কর্তারা একাধিক বার আলোচনায় বসেছেন। এখনও পর্যন্ত দু’দেশের মধ্যে পাঁচ দফায় বৈঠক হয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত কোনও রফাসূত্র সেই আলোচনা থেকে বেরিয়ে আসেনি। তাই আরও আলোচনা হওয়ার কথা।
ওয়াশিংটন চায়, ভারত কৃষিপণ্য, দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পুরোপুরি খুলে দিক। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান না ভারতের কৃষকদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে এই বাজার ওয়াশিংটনের জন্য খুলে দিতে। আর এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প বিরক্ত বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। আর তার জেরে ভারতের পণ্যে জরিমানা-সহ ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন।