ওঙ্কার ডেস্ক: আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন।এই নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ। উল্টো দিকে ইন্ডিয়া জোট প্রার্থী করেছে বি সুদর্শন রেড্ডিকে। আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ মনোনীত প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ গত বার যখন উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হয়, তখন বিজেপির আসন অনেকটাই বেশি ছিল। কিন্তু এ বারে ছবিটা একেবারে উলটো। নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডুদের উপর ভরসা করতে হবে এখন মোদী সরকারকে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি জন্মসূত্রে দক্ষিণ ভারতীয়। তিনি একদা চন্দ্রবাবু নায়ডুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জোট শরিক বিজেপির উপর আগেই চাপ বাড়িয়েছিলেন লোকসভায় স্পিকার পদ চেয়ে। কিন্তু শেষ পর্যন্ত তা পাওয়া যায়নি। ইন্ডিয়া জোট এই বিষয়টিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে কাজে লাগাতে পারে।
উল্লেখ্য, দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদের দুই কক্ষ অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। জগদীপ ধনকড় যখন উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন, সেই সময় লোকসভায় বিজেপির সাংসদ ছিল ৩০২ জন। তার উপর ছিল শরিক দলগুলির সমর্থন। রাজ্যসভাতেও অনেকটা শক্তি ছিল এনডিএ। কিন্তু ২০২৪ সালের সাধারণ নির্বাচনে শক্তিক্ষয় হয়েছে বিজেপির। এবার বিজেপির সাংসদ ২৩৫ জন। ফলে শরিক দলগুলির উপর নির্ভর করতে হচ্ছে পদ্ম শিবিরকে। নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডু, চিরাগ পাসোয়ানরা উপরাষ্ট্রপতি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
