বৃষ্টির দিন, ছুটির দুপুর কিংবা পরিবারের সঙ্গে জমিয়ে খাওয়ার জন্য ভুনা খিচুড়ির জুড়ি নেই। সুগন্ধি চাল, ডাল আর মসলার চমৎকার সংমিশ্রণে তৈরি এই খিচুড়ি খেতে যেমন সুস্বাদু, রান্না করাও তেমন সহজ। চাইলে এর সঙ্গে ডিম ভাজি, বেগুন ভাজা, মুরগির মাংস এবং সালাড পরিবেশন করতে পারেন।
উপকরণ
চাল – ২ কাপ
মুগ ডাল – ১ কাপ
পেঁয়াজ কুচি – ১ কাপ
আদা বাটা – ১ টেবিল চামচ
রসুন বাটা – ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা – ৪–৫টি
হলুদ গুঁড়ো – ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
জিরা গুঁড়ো – ১ চা চামচ
ধনে গুঁড়ো – ১ চা চামচ
দারুচিনি – ২ টুকরা
এলাচ – ৩টি
তেজপাতা – ২টি
লবঙ্গ – ৩–৪টি
নুন – স্বাদমতো
তেল – ৪ টেবিল চামচ
ঘি – ১ টেবিল চামচ
গরম জল – প্রয়োজনমতো
রান্নার পদ্ধতি
প্রথমে মুগ ডাল ভালোভাবে ধুয়ে একটি শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিন। ডালের রং সামান্য পরিবর্তন হয়ে সুগন্ধ বের হলে নামিয়ে রাখুন। এরপর চাল ধুয়ে ডালের সঙ্গে মিশিয়ে নিন।
একটি বড় হাঁড়িতে তেল ও ঘি গরম করে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার পেঁয়াজ কুচি দিয়ে সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
হলুদ, লঙ্কা , জিরা ও ধনে গুঁড়া সামান্য জল দিয়ে মিশিয়ে হাঁড়িতে দিন। মসলা থেকে তেল ছাড়তে শুরু করা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিন। এবার চাল ও ডালের মিশ্রণ দিয়ে মসলার সঙ্গে কয়েক মিনিট ভালোভাবে ভুনে নিন। এই ধাপটিই ভুনা খিচুড়ির স্বাদ ও ঘ্রাণ বাড়িয়ে দেয়।
এরপর পরিমাণমতো গরম জল, নুন ও কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। চাল ও ডাল সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে আঁচ কমিয়ে আরও কয়েক মিনিট দমে রাখুন। শেষে সামান্য ঘি ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করুন।
গরম গরম ভুনা খিচুড়ি পরিবেশন করুন। সঙ্গে ডিম ভাজা,বেগুন ভাজা, আচার বা মাংস থাকলে স্বাদ আরও জমে যাবে।