ওঙ্কার ডেস্ক: গোদের উপর বিষফোঁড়া। এমনিতেই অতি ভারী বর্ষণের ফলে জমা জলে দুর্ভোগে পড়েছেন কলকাতাবাসী। মঙ্গলবারের পর বুধবারও জল যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি। এই আবহে এবার নতুন সমস্যায় ১৩, ১৪, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের মানুষ। বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ ফেটে গিয়ে বন্ধের মুখে পানীয় জল সরবরাহ।
পুরসভা সূত্রের খবর, মঙ্গলবার রাতে আচমকাই বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ ফেটে যায়। এর ফলে জল সরবরাহ ব্যবস্থা বিকল হয়ে পড়ে। এই বুস্টার পাম্প থেকে উত্তর কলকাতার ৪টি ওয়ার্ডে পানীয় জল পৌঁছয়। কলকাতা পুরসভার ১৩, ১৪, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড এর মানুষ এর ফলে পানীয় জল থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, উল্টোডাঙা, কাঁকুড়গাছি ও বাগমারির মতো জনবসতিপূর্ণ এলাকাগুলি এই ওয়ার্ডগুলির আওতায় পড়ে।
পাম্পিং বিকল হওয়ার পর জল সরবরাহ বিভাগের ডিজি-সহ পুরসভার শীর্ষকর্তারা রাতেই মেরামতির কাজ শুরু করেন। বুধবার সকাল পর্যন্তও কাজ সম্পন্ন হয়নি। ফলে এদিন মুচিবাজার, কাঁকুড়গাছি, ফুলবাগান-সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহে সমস্যা দেখা দিতে পারে।
উল্লেখ্য, সোমবার রাতভর টানা বৃষ্টিতে জলে ডুবে গিয়েছে কলকাতা শহরের বড় অংশ। উত্তর থেকে দক্ষিণ ভোর থেকে রাত পর্যন্ত কোথাও হাঁটু সমান, তো কোথাও কোমর সমান জল। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় সকলকেই এই জল-যন্ত্রণার শিকার হতে হয়েছে। জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের।
