ওঙ্কার ডেস্কঃ বাংলায় ক্ষমতা বদলের পর প্রথম বিধানসভা অধিবেশন ঘিরে তুমুল হইহট্টগোল। সোমবার বাজেট পেশের পর আজ, মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর আলোচনার শুরুতেই উত্তপ্ত বিধানসভা। অধিবেশনে বক্তব্য রাখতে ওঠার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষকে ‘চোর’ স্লোগান শোনান বিজেপি বিধায়করা। পালটা তিনিও বিজেপি কটাক্ষ করার পাশাপাশি নিশানা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। স্পিকার রথীন্দ্রনাক বোসকে উদ্দেশ্য করেই কুণাল বলেন, ‘‘আপনি একজন ধর্ষণে অভিযুক্তকে বিরোধী দলনেতা করবেন, এটা হয় না কি?” বিধানসভায় তুমুল হইহট্টগোলের মধ্যে কুণাল ঘোষ বলেন, ‘‘আমাকে ভয় পান বলে বলতে দিচ্ছেন না। ৫ বছর আমায় ভয় পেয়ে চলুন। গুরুত্ব দিয়ে চলুন।”
সোমবারই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন শুভেন্দু সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তা নিয়ে আগামী ২৫ জুন পর্যন্ত আলোচনা চলবে। মঙ্গলবার সেই আলোচনা চলছিল। সূত্রের খবর, রাজ্যপালের ভাষণ নিয়ে বক্তব্য রাখতে ওঠেন কুণাল ঘোষ। তাঁকে লক্ষ্য করে বিজেপি বিধায়করা একযোগে ‘চোর চোর’ বলতে শুরু করেন। কেউ প্রশ্ন তোলেন, ‘‘আপনি কোন তৃণমূল?” কুণালের সপাট জবাব, ‘‘এখনও হাতের আঙুল কালি যায়নি। আমি বেইমান নই।”
অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কুণালের মন্তব্য, ‘‘বালুরঘাটে যে ধর্ষণের মামলা রয়েছে, তাকে বিরোধী দলনেতা করা হয়েছে। বিজেপি বা বিজেপির স্পনসর বিধায়ক এঁরা। পাণ্ডবরা কিন্তু পাঁচজন ছিল। কৌরবরা একশো হয়েও বাঁচেনি।”
বাকবিতণ্ডা থামাতে ভারসাম্য রাখতে ময়দানে নামেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। তিনি বলেন, ‘‘প্রথমত বিধানসভার প্রথাগত প্রক্রিয়ায় প্রথম বক্তৃতা করছেন। সবার কাছে অনুরোধ, রাজ্যপালের ভাষণের উপর বলুন। প্রথম বক্তৃতায় শাসক ও বিরোধী পারস্পরিক সৌজন্য, সৌহার্দ্য বজায় রেখে চলুন। আরও পাঁচ বছর সময় আছে। অনেক বলার সময় পাবেন। কুণাল বাবু-সহ আমাদের সবাইকে একথা বলব।”