ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পালাবদলের পর ক্ষমতার কুর্সিতে বসেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে মঙ্গলবার বিধানসভায় বাজেট অধিবেশনে ভাষণ দিতে চলেছেন ভবানীপুরের বিধায়ক। জল্পনা তৈরি হয়েছে, এই বক্তৃতায় রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক দুর্নীতি ফাঁস করতে পারেন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন দীর্ঘ ১৫ বছরে একাধিক দুর্নীতি হয়েছে। সেই সব দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী ছিল, তা প্রকাশ্যে আনতে পারেন বর্তমান মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, মমতা জমানার পুরনো ফাইল ইতিমধ্যে খতিয়ে দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। অডিট রিপোর্টও তিনি ঘেঁটে দেখেছেন। সেখানে কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে সেই সমস্ত বিষয়ে তথ্য হাতে নিয়ে মঙ্গলবার বিকেলে বিধানসভায় অনেক কিছু বিষয় প্রকাশ্যে আনতে পারেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকারের চালু করা বিভিন্ন সামাজিক প্রকল্পগুলিতে কীভাবে অযোগ্যরা সুবিধা পেয়েছেন, তা নিয়েও কথা বলতে পারেন শুভেন্দু অধিকারী। এ ছাড়া মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসতে পারে ১০০ দিনের কাজে ভুয়ো জব কার্ড তৈরি করে সরকারি টাকা আত্মসাতের বিষয়টি। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনা প্রকল্পে কী ভাবে দুর্নীতি হয়েছে সে বিষয়টি নিয়ে ও মুখ খুলতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আইন ও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পছন্দের মানুষকে সরকারি জমি দেওয়া হয়েছে কী ভাবে তৃণমূল জমানায় সেই তথ্যও তুলে ধরতে পারেন শুভেন্দু। আপাতত মুখ্যমন্ত্রীর ভাষণের দিকে নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।