ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিতেও বৃষ্টির ধারা অব্যাহত দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর পাশাপাশি আরও চারটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যার কারণে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বৃহস্পতির পর শুক্রবারেও বৃষ্টি বজায় থাকবে দক্ষিণবঙ্গে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায়। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একই রকম পরিস্থিতি বজায় থাকতে পারে।
উত্তরবঙ্গে আপাতত লাগাতার বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে আবহাওয়া বদল এর সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।