ওঙ্কার ডেস্ক: রোদ ঝলমলে আকাশ। ভোরে হালকা শিরশিরানি অনুভূত হলেও, বেলা গড়াতেই চড়া রোদে বাড়ছে অস্বস্তি। দিনের বেলায় এই অস্বস্তি উধাও হবে আর কয়েক ঘণ্টা পর থেকেই। উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে বৃষ্টি হলেও, আগামী কয়েকদিনে গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উৎসবের আবহ মিটতেই টানা চারদিন বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। আগামী সোমবার পর্যন্ত গোটা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারী বৃষ্টির চোখরাঙানি না থাকলেও, বাংলায় একটানা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত। বৃহস্পতিবার রোদ ঝলমলে আকাশ থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। মূলত পরিষ্কার আকাশ থাকবে। কোনও জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস নেই। বরং তাপমাত্রার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে। আগামিকাল শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে। তাই সতর্কতা জারি হয়নি। আগামী শনিবার থেকে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
অন্যদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামিকাল শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার এবং রবিবারও দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দু’দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতেও। আগামী সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
