ওঙ্কার ডেস্ক: বেশ কিছু রাজ্য থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বর্ষা। এবারে পালা পশ্চিমবঙ্গের। আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর, সোমবার থেকেই দুই বঙ্গে কমছে বৃষ্টির দাপট। এবারে এবছরের মত পাকাপাকি ভাবে বিদায় নিচ্ছে বর্ষা। রাজ্যের অধিকাংশ অঞ্চলে বর্ষা বিদায়ের সবরকম অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। নতুন করে এ রাজ্যে আর ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে উত্তরবঙ্গের উত্তরের কয়েকটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাওই আর নতুন করে প্রবল দুর্যোগের সম্ভাবনা নেই। উল্টে আজকের পর থেকে সর্বত্র আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। বলা যেতে পারে, যত দিন এগোবে ততই শীতের শিরশিরানি শুরু হবে। এমনিতে অন্যান্য বছর নভেম্বরের শুরুতেই শীতের আগমন ঘটে বাংলায়। এবার অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু থেকেই লেপ, কম্বল, কাঁথায় মুড়বে রাজ্য।
সোমবার সকালে রোদ উঁকি দিলেও দিনভর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
