ওঙ্কার ডেস্কঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী ৪৮ ঘণ্টা সতর্কতা জারি রয়েছে।
এই সময়ের মধ্যে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় বৃষ্টির পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও হবে বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবার উত্তরবঙ্গের আট জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা বিক্ষিপ্তভাবে হবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই তিন জেলায়ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
