ওঙ্কার ডেস্ক : কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহজুড়ে বৃষ্টি চললেও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। ফলে বৃষ্টি না হলে অস্বস্তি আরও বাড়বে, আর হালকা বৃষ্টিতেও আর্দ্রতাজনিত ভোগান্তি থেকে রেহাই মিলবে না। আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ও কোচবিহারে আগামীকাল ভারী বৃষ্টির আশঙ্কা। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও স্থানীয়ভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
