ওঙ্কার ডেস্ক : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মান্থা’ দুর্বল হলেও তার প্রভাব দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন জারি থাকবে। ফলে ঝড়-বৃষ্টি চলবে বিভিন্ন জেলায়। বুধবার সকালে ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে পরিণত হলেও তার আগে অন্ধ্রপ্রদেশে প্রবল দাপট দেখিয়েছে ‘মান্থা’। এখন শক্তি ক্ষয় হলেও তার পরোক্ষ প্রভাব তীব্র।বৃহস্পতিবারই জগদ্ধাত্রী পুজোর নবমী। অর্থাৎ, পুজোর দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল।আবহাওয়া দফতর জানিয়েছে, অন্তত আগামী তিন দিন রাজ্যের বহু জেলায় বৃষ্টি ও দমকা হাওয়া চলবে। কলকাতায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশেও বৃষ্টি হতে পারে। তবে সোমবারের পর উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হতে পারে বলে অনুমান।এছাড়া, উপকূলের কাছে সাগরে ঘণ্টায় ৩৫–৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্ক করা হয়েছে। সমুদ্র থাকবে উত্তাল, তাই ৩০ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ জারি করেছে হাওয়া অফিস।
