ওঙ্কার ডেস্কঃ আজ বুধবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। রাতেও আর্দ্রতার জন্য গরম অনুভূত হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
বর্ষা বিদায় নিলেও রয়েছে সাইক্লোনের সতর্কবার্তা। তবে বাংলার উপর তার প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে থাকছে বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এই ৪ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। তবে এই সব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভাইফোঁটা অবধি দুর্যোগের কোনো আশঙ্কা নেই।
হাওয়া অফিস সুত্রে খবর, ২৪ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে শুক্রবার তামিলনাড়ুর উপকূলে প্রবেশ করবে। তখন এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে তামিলনাড়ুর পুদুচেরিতে। আবার ওড়িশা উপকূলেও এর ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। যার ফলে আবার বাংলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।
যেহেতু বাংলার উপকূল থেকে এর অবস্থান দূরে এবং অভিমুখও রাজ্যের দিকে নয় ফলে এখানে তেমন প্রভাব পড়বে না । তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় সপ্তাহান্তে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে ।
