ওঙ্কার ডেস্ক: নভেম্বর বিদায় নিয়েছে। বছর শেষের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে সকলেই। নতুন বছরকে স্বাগতম জানাতে ব্যাকুল সকলেই। তবে এই আনন্দকে আরও বাড়িয়ে তুলতে যে সবচেয়ে বেশি সাহায্য করে, সে হলো সকলের প্রিয় ঋতু ‘ শীত ‘। এই সময় যেমন খাওয়া দাওয়া করে মজা, তেমনি ঘুরতে গিয়েও আনন্দ। আর পর্যটন ব্যবসায়ীদের জন্য এইকালটা আদর্শ সময় উপার্জন করার জন্য।
নভেম্বরের শুরু থেকেই হালকা শীতের আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। জাঁকিয়ে শীতের অপেক্ষায় থাকতে থাকতেই উবে যায় সেই হালকা শীতের আমেজ। বৃদ্ধি পায় তাপমাত্রা। সবে সোয়েটার, জ্যাকেট, চাদরকে আলিঙ্গন করতে শুরু করার সাথে সাথেই সেগুলোকে বাক্সবন্দী করতে হয় শীত বিলাসীদের।
তবে এবার তো ডিসেম্বর চলে এলো। এবারে কবে থেকে ঠাণ্ডার চাদরে মুড়বে বাংলা?
হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার থেকে তাপমাত্রা নামতে পারে দুই বঙ্গেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং উত্তরবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমী জেলাগুলির তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে উইকেন্ডে বাড়বে শীতের আমেজ।
এর মধ্যেও ভ্রুকুটি, আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে রাজ্যের ছয় জেলায়। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনার কথাই শোনাল হাওয়া দফতর।
পাশাপাশি দুই বঙ্গেই আবহাওয়া শুষ্ক থাকবে।
তবে এবার শীতের আমেজকে উপভোগ করতে করতে শীতের নানা প্লানিং শুরু হয়ে যাক?
