ওঙ্কার ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। আগামী কয়েক দিনে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন নেই। তবে দক্ষিণে পারদ চড়লেও উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া। পাশাপাশি, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তুরে হাওয়া। দিনের তাপমাত্রা ইতিমধ্যেই বেশ কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গে। বুধবার রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। সকাল এবং সন্ধ্যা শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় দিনের বেলায় শীত কার্যত উধাও। জেলাতেও বেলার দিকে কমবে শীতের অনুভূতি। পাশাপাশি, উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এছাড়া তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।
বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতায় পরপর পশ্চিমী ঝঞ্ঝায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই রয়েছে। বৃহস্পতিবার আরও কিছুটা তাপমাত্রা বাড়তে পারে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতায়। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
