ওঙ্কার ডেস্ক: রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় রোজই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ ২১শে জুলাই-এর দিন থেকে বৃষ্টি পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবার পর্যন্ত লাগাতার বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে তার আগে রবি ও সোমবার সেভাবে বৃষ্টির কোনও সতর্কতা নেই। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা।
আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
উত্তরবঙ্গে রবিবারেও ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় জারি রয়েছে লাল সতর্কতা। এছাড়াও উত্তরের পার্বত্য জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস।