ওঙ্কার ডেস্ক: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধের পর বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝড়ো হাওয়া বলেও পূর্বাভাস। এছাড়াও একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা।
হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শিলাবৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।
উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির কারণে কমলা সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতেও রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।