ওঙ্কার ডেস্ক: বর্ষার বৃষ্টি চলছে গোটা রাজ্য জুড়ে । প্রায় রোজই বৃষ্টি হচ্ছে রাজ্যের একাধিক জেলায়। টানা বৃষ্টির ফলে জেলায় জেলায় তাপমাত্রাও কিছুটা নেমেছে। বৃহস্পতিবারেও বৃষ্টি বজায় থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
হাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায়। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া।
তবে হাওয়া অফিস জানিয়েছে, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির ধারা অব্যাহত। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে আগামী ৭ তারিখ পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।