স্পোর্টস রিপোর্টার : তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ। এবার কলকাতা প্রিমিয়ার লিগে নতুন নাম দিয়ে আত্মপ্রকাশ ঘটবে এই ক্লাবের। রূপনারায়ণ নদীর পাড়ে সূর্যাস্ত এবং জোনাকির আলোর সন্ধিক্ষণে বুধবার হয়ে গেল সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন জর্জ টেলিগ্রাফ ক্লাবের সভাধিপতি তথা বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থার চেয়ারম্যান সুব্রত দত্ত। সঙ্গে ছিলেন সবুজ তোতা খ্যাত প্রাক্তন ফুটবলার হোসে র্যা মিরেজ ব্যারেটো। মজার বিষয়, এবার জর্জ টেলিগ্রাফ ফুটবল দলের দায়িত্বে রয়েছেন এই ব্রাজিলীয়। যাঁর পায়ে ভর করে একটা সময় তরতরিয়ে এগিয়েছে পালতোলা নৌকা, এখন তিনি জর্জের মাঝি। দলের অধিনায়ক ও সহ অধিনায়ক যেমন ঘোষণা করলেন এদিন, তেমনই পরিকল্পনা নিয়েও বেশ খোলামেলা কথা বললেন ব্যারেটো। উপস্থিত বাকি সকলের মতো প্রত্যাশার পারদ তুঙ্গে সুব্রত দত্তের মনেও। তারই মধ্যে অবশ্য সর্বভারতীয় ফুটবল সংস্থাকে ঠুকতে ভুললেন না তিনি। ভারতীয় ফুটবলের বর্তমান দৈনদশার পিছনে এআইএফএফের ইচ্ছাশক্তির অভাব আছে বলেই মনে করেন বাপি দত্ত। সিএফএলে ক্লাবের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এই ম্যাচ নিয়ে যতটা আত্মবিশ্বাসী ব্যারেটো, ঠিক ততটাই উত্তেজিত দলের খেলোয়াড়রা। অধিনায়কের হুমকি, ম্যাচ এগারো জনের বিরুদ্ধে হবে। মাঠেই দেখা যাবে।