স্পোর্টস রিপোর্টার : ডুরান্ড কাপে এবারেও গ্রুপ পর্বে ডার্বি । আগেই ঐতিহ্যশালী টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ এবং ফাইনালের তারিখ ঘোষণা করা হয়েছিল। এদিন গ্রুপ বিন্যাস হয়ে গেল। মোট ২৪টি দল নিয়ে হবে ডুরান্ড কাপ। ছ’টি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে চারটি দল রয়েছে। একই গ্রুপে রয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গ্রুপ এ-তে দুই প্রধানের সঙ্গে আছে সিআইএসএফ ফুটবল দল এবং সাউথ ইউনাইটেড এফসি।বেশ কয়েক বছর ধরে একই গ্রুপে রাখা হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে। ফলে গ্রুপ পর্বেই ডার্বি।
তবে এখনও বড় ম্যাচের তারিখ জানানো হয়নি। আগস্টের দ্বিতীয় সপ্তাহে হতে পারে মরশুমের প্রথম ডার্বি। মহমেডান স্পোর্টিং রয়েছে গ্রুপ বি-তে। তাঁদের গ্রুপে রয়েছে ইন্ডিয়ান আর্মি, বাগপট এফসি এবং সমলেশ্বরি স্পোর্টিং।
আসন্ন ডুরান্ড কাপে নেই গতবারের রানার্স ডায়মন্ড হারবার এফসি। আইএসএলের ক্লাবগুলোর মধ্যে খেলবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি। ডুরান্ড কাপের আগে বিদেশি নিয়ে সমস্যায় ক্লাবগুলো। বিদেশি ফুটবলারদের আনার জন্য প্রয়োজনীয় ভিসার ছাড়পত্র এখনও দেয়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এছাড়াও ডুরান্ড কাপ এবং আইএসএলে কতজন বিদেশি খেলানো যাবে, সেটা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে ডুরান্ড কাপের আগে বিদেশি ফুটবলারদের সই করানোর ক্ষেত্রে সমস্যায় ক্লাবগুলো। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়গুলো স্পষ্ট করে দেওয়া হবে