ওঙ্কার ডেস্ক: শীতের আমেজ জমিয়ে অনুভব করতে পারবে রাজ্যবাসী, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সাতদিন রাজ্যের কোথাও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গে ঠান্ডার প্রভাব আরও কিছুটা বাড়তে পারে চলতি সপ্তাহের মাঝামাঝিতে।
হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। সকালের দিকে উপকূল সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার পূর্বাভাস রয়েছে। কিছু জায়গায় দৃশ্যমানতা সামান্য কমেও যেতে পারে। শহর কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ প্রায় সব জেলাতেই কুয়াশা থাকবে।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গোটা রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। আপাতত বৃষ্টির তেমন কোনোও সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পার্বত্য অঞ্চলগুলিতে আগামী ৭ দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে। এছাড়া উত্তরবঙ্গের মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি সহ বেশ কয়েকটি জেলায় ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং , আলিপুরদুয়ার জেলায়। ঘন কুয়াশার কারণে কমবে দৃশ্যমানতাও ।
