ওঙ্কার ডেস্ক: আবারও তাপমাত্রা নেমেছে গোটা রাজ্যের। নতুন করে শীতের আমেজ অনুভব করছে রাজ্যবাসী। বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আবারও চলে গিয়েছে ১০ ডিগ্রির নিচে। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত পারদ নিম্নমুখী থাকবে দক্ষিণবঙ্গে। ফলে আপাতত কয়েকদিন ঠান্ডা বজায় থাকবে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকেছে, মেঘ কেটে গেলেই ফের নামবে তাপমাত্রা। সেই মতোই রবিবার থেকে আগামী ৩ দিন শীতের আমেজ বজায় থাকবে। এই কএকদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৬ ডিগ্রির মধ্যে। শীতের আমেজের পাশাপাশি রাজ্য জুড়ে বজায় থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা।
অন্যদিকে উত্তরবঙ্গের পারদ নেমেছে আরও খানিকটা। আগামী ৭দিন আবহাওয়া প্রায় একইরকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের উত্তরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
